পিডিবি প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঢাকা, ১০ জুন ২০২৬: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের উপর ন্যাক্কারজনক ও বর্বরোচিত শারীরিক হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর প্রকৌশলীদের সংগঠন বিটিসিএল প্রকৌশলী পরিষদ

আজ (১০ জুন) সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ফয়েজ ছোটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

পেশাগত মর্যাদা ও নিরাপত্তার ওপর আঘাত

বিটিসিএল প্রকৌশলী পরিষদের পক্ষ থেকে বলা হয়, একজন সরকারি প্রকৌশলী তাঁর দাপ্তরিক দায়িত্ব পালনকালে শারীরিকভাবে লাঞ্ছিত ও হামলার শিকার হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত এবং রাষ্ট্রের প্রশাসনিক ও পেশাগত পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়:

“কর্মস্থলে কোনো কর্মকর্তা বা কর্মচারীর উপর হামলা শুধু ব্যক্তির উপর আঘাত নয়, বরং এটি একটি প্রতিষ্ঠানের মর্যাদা, শৃঙ্খলা এবং পেশাগত মূল্যবোধের উপর আঘাত। সরকারি কর্মকর্তা ও প্রকৌশলীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব।”

সংগঠনটি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ভয়ভীতি, হুমকি বা শারীরিক নির্যাতনের কোনো স্থান নেই। এ ধরনের ঘটনা দেশের প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে এবং দক্ষ ও সৎভাবে দায়িত্ব পালনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করে।

বিটিসিএল প্রকৌশলী পরিষদের ৫ দফা দাবি

সুষ্ঠু কর্মপরিবেশ ও ন্যায়বিচারের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট নিম্নলিখিত দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে:

  • ১. দ্রুত তদন্ত: ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে।
  • ২. দৃষ্টান্তমূলক শাস্তি: হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে দেশের প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
  • ৩. নিরাপত্তা ও মর্যাদা: ভুক্তভোগী সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
  • ৪. নিরাপদ কর্মপরিবেশ: সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল প্রকৌশলী ও কর্মকর্তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
  • ৫. প্রতিরোধমূলক ব্যবস্থা: ভবিষ্যতে এ ধরনের অনাকাঙিক্ষত ও ন্যাক্কারজনক ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পূর্ণ সংহতি প্রকাশ

বিটিসিএল প্রকৌশলী পরিষদ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী প্রকৌশলী মাহাদী হাসানের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। সংগঠনটি আশা প্রকাশ করে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করবে এবং সরকারি কর্মকর্তাদের নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।

You may also like...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।